দৌলতপুরে ভাইয়ের হাতে ভাই নিহতের অভিযোগ, মায়ের দাবি দুর্ঘটনা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই রাসেল হোসেন (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাসেল হোসেন তাজপুর গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন রাজু (২৭) জড়িত বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিন বিকেলেও এ বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে রাসেল আহত হন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, এ সময় ইমরান হোসেন রাজু হাসুয়া দিয়ে রাসেলকে আঘাত করেন। এতে তার পা ও পেটে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে ছোট ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নিহতের মা রাশেদা খাতুন। তিনি বলেন, বাঁশ কাটার সময় হাত থেকে হাসুয়া ছুটে গিয়ে বড় ছেলে রাসেলের পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। রাসেল নেশাগ্রস্ত থাকায় দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলেও দাবি করেন তিনি। ছোট ছেলে ইমরানের আঘাতে রাসেল আহত হয়েছেন, এমন অভিযোগ তিনি মানতে নারাজ।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের দাবি ও স্থানীয়দের বক্তব্যসহ সার্বিক বিষয় যাচাই করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনাকে কেন্দ্র করে তাজপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাসেল হোসেনের মৃত্যু দুর্ঘটনা নাকি আঘাতজনিত কারণে হয়েছে, তা পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।