কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্টেশন মাষ্টার রুহুল আমীন জানান, খুলনা থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জগামী ‘১৫ আপ মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় উক্ত বৃদ্ধা লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। ট্রেনের চাকার স্পৃষ্টে ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে প্রাণহানি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন আরো জানান, "দুর্ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্তের আইনগত প্রক্রিয়া ও মরদেহ হস্তান্তরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।"

এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ ও মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বিস্তৃত অংশে অরক্ষিত পারাপার এবং পর্যাপ্ত গেটম্যান না থাকায় রেলপথটি দিন দিন বড় ধরনের মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। 

বাবরা রেলগেটসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি পয়েন্টে নিয়মিত সিগন্যাল বা স্বয়ংক্রিয় গেটবার না থাকায় পথচারী ও চালকেরা চরম জীবনঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। 

স্থানীয় বাসিন্দা রহমতউল্লাহ ক্ষোভ প্রকাশ করে জানান, গত কয়েক বছরে এই ট্র্যাকে একের পর এক ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটলেও কার্যকর কোনো নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়নি রেল কর্তৃপক্ষ অসচেতনতা আর অবকাঠামোগত ত্রুটির সুযোগে এভাবে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে নিরীহ মানুষের প্রাণ।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, বিষয়টি যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য যশোর রেল পুলিশ রওনা দিয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com