উচ্চশিক্ষার বৈশ্বিক যাত্রায় প্রস্তুতির নতুন অধ্যায়: যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান
বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং উচ্চশিক্ষার প্রস্তুতি ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হচ্ছে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ। ‘Higher Studies Abroad: A Complete Guidelines’ শীর্ষক এ আয়োজনের মাধ্যমে অস্ট্রেলিয়া, চীন, জাপান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তির বিভিন্ন সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। এতে বিদেশে উচ্চশিক্ষার সম্ভাব্য গন্তব্য নির্বাচন, স্কলারশিপ ও ফান্ডিংয়ের সুযোগ, আবেদনপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
সেমিনার সিরিজের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর। এদিনের আলোচনার বিষয় ‘How to Avail Scholarship Opportunities in Australia’। এরপর ১১ নভেম্বর ‘Strategies to Secure PhD Positions in China’, ১৮ নভেম্বর ‘Journey to Japan: Higher Study Perspectives’, ২৫ নভেম্বর ‘How to Prepare for European Scholarships: A to Z Guidelines’ এবং ৩০ নভেম্বর ‘Scholarship Opportunities in the USA: Constraints to Overcome’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।
প্রতিটি সেশন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারি, যবিপ্রবি-তে অনুষ্ঠিত হবে। বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপে আগ্রহী শিক্ষার্থীদের সেমিনারে অংশ নিতে বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
নিবন্ধনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছে JUST Research Society।
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ: আহত ৯
বোদায় মউশিকের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা
কালাইয়ে আলোর ফাঁদে শনাক্ত হচ্ছে ধান ক্ষেতের ক্ষতিকর ও উপকারী পোকা