নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মঞ্চ ভাঙচুর এবং বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে আল আমিন (৫২) এবং আসমা ইউনিয়নের আসমা গ্রামের মৃত আমজদ খাঁর ছেলে আব্দুল আজিজ (৭০)। বুধবার পৃথক দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় প্রথমে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছিল। পরে তদন্তের ভিত্তিতে আল আমিন ও আব্দুল আজিজকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বারহাট্টা মডেল স্কুল মোড় এলাকায় ল্যাব ভাঙচুরের মামলায় আল আমিনকে এবং ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির সম্মেলনের মঞ্চ ভাঙচুরের মামলায় আব্দুল আজিজকে আসামি করা হয়েছে।

জানা গেছে, আল আমিন চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আমিরুল চেয়ারম্যানের ভাই। অপরদিকে আব্দুল আজিজ বারহাট্টা উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের বাবা। তবে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নিজেদের কোনো দলীয় পদ-পদবি রয়েছে কিংবা সংশ্লিষ্ট মামলাগুলোতে আগে তাদের নাম ছিল- এমন তথ্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, তাদের দুজনকে আটকের পর পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com