শ্রীপুরে লাইভে এসে তরুণীর দাবি—স্বেচ্ছায় স্বামীর সঙ্গে গেছি’ কোন অপহরণ নয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও ফেসবুক লাইভে এসে ভিন্ন দাবি করেছেন ওই তরুণী।
তাঁর ভাষ্য, তাঁকে কেউ অপহরণ করেনি; বরং দীর্ঘদিনের সম্পর্কের পর নিজের ইচ্ছাতেই ছাত্রদল নেতা রিজভীর সঙ্গে ঘর ছেড়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে ওই কলেজছাত্রী ও রিজভী নিজেদের বক্তব্য তুলে ধরেন। সেখানে তাঁরা দাবি করেন, গত ২২ জুলাই পারিবারিকভাবে জটিলতা তৈরি হলেও তাঁরা ভালোবেসে বিয়ে করেছেন। দুজনেরই বয়স ১৮ বছরের বেশি বলেও দাবি করা হয়।
লাইভে রিজভী বলেন, গত দুই দিন ধরে তাঁদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। তাঁর দাবি, কলেজছাত্রীর সঙ্গে তাঁর প্রায় দুই বছরের সম্পর্ক ছিল। গত ২২ জুলাই তাঁরা বিয়ে করেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মেনে নেওয়ার কথা বলে তরুণীকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।
ওই তরুণী লাইভে বলেন, তাঁর বয়স সাড়ে ১৯ বছর।
দীর্ঘদিনের সম্পর্কের পর নিজের সম্মতিতেই তিনি রিজভীর সঙ্গে বিয়ে করেছেন। বিয়ের পর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তাঁকে স্বামীর কাছ থেকে আলাদা করে রাখা হয় এবং জোর করে সম্পর্ক বিচ্ছেদের জন্য চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তরুণীর দাবি, পরবর্তী সময়ে তিনি আবারও নিজের ইচ্ছায় স্বামীর কাছে ফিরে আসেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অপহরণ করা হয়েছে—এমন প্রচারণা চালানো হলেও বাস্তবে তাঁকে কেউ জোর করে নিয়ে যায়নি।
ফেসবুক লাইভে তিনি স্পষ্টভাবে বলেন, তিনি নিজের ইচ্ছায় এবং ভালোবেসে স্বামীর সঙ্গে এসেছেন। এ ঘটনায় কোনো অপহরণের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
তবে পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের বিষয়ে আইনগতভাবে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযোগের সত্যতা কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।