তারাগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মো. সামিনুর রহমান (১৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার সামিনুর রহমান রংপুরের তারাগঞ্জ থানার কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে। তিনি ওই শিশুর প্রতিবেশী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বেলা ৩টার দিকে শিশুটির মা কাজ শেষে বাড়িতে ফেরেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শিশুটিকে আসামির বাড়ির দিক থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখেন। কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়।
এরপর শিশুটিকে চিকিৎসার জন্য তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর ২৮ আগস্ট শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ১৬।
এসআরবি জানায়, মামলা হওয়ার পর প্রধান আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে সামিনুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।