জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে সভায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ নিশ্চিত করা এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রতিরোধে নিয়মিত তদারকি, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।
সভায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।