২২ দিন নদ-নদীতে মাছ ধরা বন্ধ, মা ইলিশ রক্ষায় অভিযান শুরু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মানিকগঞ্জ জেলার পদ্মা যমুনা বড় নদীসহ দেশের বিভিন্ন নদ-নদী ও মোহনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । এ সময়ে মানিকগঞ্জের নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে ।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ তথ্য জানানো হয় ।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সভায় জানানো হয়, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর আওতায় প্রণীত মাছ সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর ১৩ নম্বর বিধি অনুযায়ী এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । 

২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে ।

নির্দেশনা অনুযায়ী, মানিকগঞ্জসহ নির্ধারিত বিভিন্ন জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে । একই সময়ে সারাদেশে ইলিশ মাছ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে ।

নিষেধাজ্ঞা কার্যকর রাখতে ২২ দিন নদ-নদী ও মাছের আড়তগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে । প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, নৌ-পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান ও নজরদারি করবে । নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ, পরিবহন, মজুত বা বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে চালানো হবে প্রচার-প্রচারণা ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com