১১ বছরেও নিখোঁজ বিউটির সন্ধান নেই, মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের সালনা এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১১ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বিউটি আক্তার (২৬) নামে এক তরুণীর। দীর্ঘ সময় ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তার মা সুফিয়া আক্তার।
নিখোঁজ বিউটি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামের বাসিন্দা। পরিবারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৩ জানুয়ারি দুপুরে গাজীপুরের সালনায় তার বোনের বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মেয়েকে খুঁজে পেতে দীর্ঘদিন চেষ্টা চালানোর পর ২০২১ সালে বিউটির মা সুফিয়া আক্তার গাজীপুর সদর মেট্রোপলিটন থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় বিউটির প্রথম স্বামীসহ তিনজনকে আসামি করা হয়।
পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুর সিআইডিকে। তবে মামলা ও তদন্ত প্রক্রিয়া চললেও দীর্ঘ ১১ বছরেও বিউটির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মেয়েকে ফিরে পাওয়ার আশায় এখনও অপেক্ষায় রয়েছেন সুফিয়া আক্তার। বিউটি জীবিত থাকলে দ্রুত তাকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি তার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।