ঘিওরে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন নবাগত মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে যোগদানের চতুর্থ দিনেই নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন নবাগত মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথভাবে পরিচালিত অভিযানে প্রায় ৭ হাজার ৫০০ মিটার জাল জব্দ করেন নবাগত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার । পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়ন এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলামের নেতৃত্বে অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নেন । অভিযানে ঘিওর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, ঘিওর হাটে প্রতি বুধবার সাপ্তাহিক হাট বসে। সেখানে নিষিদ্ধ কারেন্ট জাল কেনাবেচার তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয় । এ সময় আনুমানিক ৭ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।
নাজনীন নাহার বলেন, এর আগে তিনি ঢাকার ধামরাই মৎস্য বিভাগীয় কার্যালয়ে কাজ করেছেন । ঘিওরে যোগদানের পর স্থানীয় মৎস্যজীবী ও পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নিয়ে মৎস্যসম্পদ রক্ষায় কাজ করতে চান। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে ।
ইউএনও নাশিতা-তুল ইসলাম বলেন, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে । ঘিওর হাটে অবৈধ জালের কেনাবেচা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।