আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসছে লোকজ সংস্কৃতি—মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি । লোকসংগীত ও লোক ঐতিহ্যের চর্চা ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামে বসেছে শাহ সুফি সাইদুর রহমান বয়াতীর ১৯তম লোকজ মেলা । ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ৫ অক্টোবর পর্যন্ত । মেলার তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুকুল সহ আরো অনেকে ।

মেলায় বাউলগান, লোকগান ও আধ্যাত্মিক সংগীতের পরিবেশনায় উঠে আসছে গ্রামীণ মানুষের জীবনবোধ, মানবিকতা ও লোক ঐতিহ্যের নানা দিক । ঢোল, একতারা ও বাঁশির সুরে সন্ধ্যার পর মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ ।

আয়োজকেরা বলেন, শুধু বিনোদন নয়, লোকসংস্কৃতির চর্চা ও সংরক্ষণই এ মেলার অন্যতম উদ্দেশ্য। প্রবীণ শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণের ফলে লোকসংগীতের সঙ্গে তরুণদের সম্পৃক্ততার সুযোগ তৈরি হচ্ছে ।

মেলা ঘিরে সন্ধ্যার পর বাড়ছে দর্শনার্থীদের ভিড়। আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ এসে উপভোগ করছেন বাউল ও লোকশিল্পীদের পরিবেশনা। পাশাপাশি রয়েছে গ্রামীণ খাবার ও বিভিন্ন লোকজ পণ্যের দোকান ।

জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “আধুনিক বিনোদনের ভিড়ে আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে যেতে বসছে । নতুন প্রজন্মকে শেকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এবং এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে লোকজ মেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন ।”

আয়োজকদের মতে, এ ধরনের মেলা লোকগান ও বাউলসংগীতের চর্চার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করে । একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলার লোকঐতিহ্য তুলে ধরার একটি সুযোগ তৈরি করে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com