কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ।
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচরে অভিযান চালিয়ে ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে বিজিবি।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়ায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি পৃথক অভিযানে মোট ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, আট বোতল ভারতীয় মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।