ইয়াবা-মদ সেবন, মা-বাবাকে প্রহার ও দেশীয় অস্ত্র বহনের দায়ে যুবকের ১০ মাস ১০ দিনের কারাদন্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

‎তোফাজ্জল হোসাইন, লামা (বান্দরবান):

‎মা-বাবাকে মারধর, ইয়াবা ও মদ সেবন এবং দেশীয় অস্ত্র বহনের অভিযোগে মো. ইমতিয়াজ (২৪) নামের এক যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ রায় দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৫৩/২০২৬।

‎দণ্ডপ্রাপ্ত ইমতিয়াজ লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার সোহরাব ড্রাইভারের ছেলে।

‎মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইমতিয়াজের বিরুদ্ধে ইয়াবা ও মদ সেবন, মা-বাবাকে মারধর এবং দেশীয় অস্ত্র সঙ্গে রাখার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে বিচারিক কার্যক্রম শেষে অভিযোগের সত্যতা ও প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে তাঁকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

‎রায় ঘোষণার সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘যে সন্তানকে একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, সেই সন্তান যখন মাকে মারধর করে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ডের কারণে তাঁকে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, মাদক সেবনের কারণে পারিবারিক সহিংসতা ও সামাজিক অস্থিরতার ঘটনা ঘটছে। বিশেষ করে মা-বাবার ওপর সন্তানের নির্যাতনের ঘটনা পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

‎প্রশাসন জানিয়েছে, মাদক সেবন, পারিবারিক নির্যাতন এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দেশীয় অস্ত্র বহনের মতো অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com