বোদায় মউশিকের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

বোদা | ১ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের বোদায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) তিন অবসরপ্রাপ্ত শিক্ষক ও দুই কেয়ারটেকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত তিন মউশিক শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে মানবিক সহায়তার অংশ হিসেবে একটি করে গরু উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বিদায়ী সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বোদা উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মউশিক শিক্ষক কল্যাণ সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার ও সামাজিক মূল্যবোধ গঠনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন বোদার ফিল্ড সুপারভাইজার মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির রংপুর বিভাগীয় সভাপতি আবুল বাশার, খোশবাজার ছা. দা. কামিল মাদ্রাসার সাবেক সুপার ও বোদা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. সোলায়মান আলীসহ অন্যরা।

বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেয়ারটেকারদের কর্মজীবনের স্মৃতিচারণ করে তাদের ভবিষ্যৎ জীবনের সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনের দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল প্রয়াত তিন মউশিক শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ। তাদের পরিবারের হাতে একটি করে গরু উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রয়াত শিক্ষকদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত অতিথিরা প্রয়াত শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মউশিক শিক্ষক, কেয়ারটেকার, শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com