পঞ্চগড়ে প্রবীণ দিবসে মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিতের তাগিদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ১ অক্টোবর ২০২৬

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন।

সভায় জেলা পুলিশ সুপার আবু সাইম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। ফলে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, মানসিক সুস্থতা ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান সমাজের উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেলা পুলিশ সুপার আবু সাইম প্রবীণদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সম্মানজনক আচরণ বজায় রাখতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, প্রবীণদের কল্যাণে সরকারি কর্মসূচির পাশাপাশি পরিবার ও স্থানীয় সমাজের সহযোগিতা জরুরি। তাঁদের একাকিত্ব কমিয়ে সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু প্রবীণদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন প্রবীণদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণদের পাশাপাশি ছোট ছোট শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। এতে প্রবীণ ও নতুন প্রজন্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক বন্ধনের বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনা সভা থেকে প্রবীণদের প্রতি সম্মান, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com