ধামইরহাটে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য। দীর্ঘদিন ইসলাম ধর্ম সম্পর্কে জানার পর নিজস্ব বিশ্বাস ও সিদ্ধান্তে তাঁরা ইসলাম গ্রহণ করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা আদালতে এফিডেভিট সম্পন্ন করে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিরা হলেন, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা মো. আবু মুছা, তাঁর স্ত্রী মোছা. ফাতেমা বিবি এবং তাঁদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোছা. আমেনা।

জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেন। ধীরে ধীরে ইসলামের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও জীবনব্যবস্থা সম্পর্কে তাঁদের আগ্রহ বাড়তে থাকে। পরে সবকিছু জেনে-বুঝে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তাঁরা।

ইসলাম গ্রহণের পর মোছা. ফাতেমা বিবি বলেন, “আমরা নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর এ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। সবকিছু জেনে-বুঝেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনগুলোতে মুসলিম সমাজের মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই।”

নতুন ধর্মীয় জীবনে প্রবেশের পর নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধিবিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে, একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। তাঁদের নতুন ধর্মীয় জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় কয়েকজন মুসল্লি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com