ঠাকুরগাঁওয়ে রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের সংঘর্ষ: আহত ৯

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

মো: ছাব্বির হাসান, বিশেষ প্রতিনিধি, নওগাঁ:

 ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের মধ্যে সঙঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুপক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন, ভুল্লি উপজেলার কচুবাড়ি গ্রামের রনজিত রায়, একই গ্রামের নুপুর রায়, পায়েল কৃষ্ণ ব্রমচারী, ভাতগাঁও গ্রামের বাসুদেব চন্দ্র ও অপু সরকার। এরা সকলেই সনাতনী ধর্মাবলম্বী। এছাড়াও ইসকন ধর্মাবলম্বী আহতরা হলেন আউলিয়াপুর উইনিয়নের ভাতগাঁও গ্রামের জিতেন্দ্র নাথ, চম্পা রাণী, দক্ষনাথ রায় এবং সোহাগ রায়। 

স্থানীয়রা জানায়, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিমা স্থাপন করতে আসলে সেসময় ইসকন ধর্মাবলম্বীরা আধিপত্য বিস্তার করতে তাতে বাঁধা সৃষ্টি করে এবং অতর্কিত হামলা চালায়। এতে দু পক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষের সৃষ্টি হলে ওই ৯ জন আহত হন। 

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের আধিপত্যকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয় এবং একজন নিহত হয়। এর পর থেকে প্রায় ১৫ বছর ওই মন্দিরে পূজার সময় ১৪৪ ধারা জারি থাকে । তবে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর মন্দিরটিতে দূর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা শুরুর আগেই দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরাজমান এ পরিস্থিতিতে পূজা নিয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয়রা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com