নওগাঁয় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় শ্রেণিকক্ষে ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন শিক্ষক মোহাম্মদ আলী। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে সাপাহার থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার মোহাম্মদ আলীকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com