যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে পতিত সরকার: রাশেদ আল মাহমুদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশের যুবসমাজের জন্য পতিত সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিগত সরকার নিজেদের স্বার্থকেন্দ্রিক একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছিল। এর ফলে দেশের অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ কর্মক্ষম জনগোষ্ঠী। ১৫ থেকে ৫৯ বছর বয়সী এই জনগোষ্ঠীর মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৩ লাখ। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই বিশাল যুবশক্তিকে কাজে লাগানোর বড় সুযোগ থাকলেও নানা নীতি ও ব্যবস্থাপনাগত কারণে সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যায়নি।

তিনি আরও বলেন, ২০২২ সালের হিসাবে দেশের প্রায় ৪১ শতাংশ তরুণ কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে রয়েছে। যাদের NEET হিসেবে বিবেচনা করা হয়। এ জনগোষ্ঠীর প্রায় ৬২ শতাংশ নারী। তরুণদের একটি বড় অংশকে অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে জনমিতিক লভ্যাংশের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন।

অর্থনীতিতে অব্যবস্থাপনার সমালোচনা করে প্রধান অতিথি বলেন, এ সময় দেশে নতুন করে প্রায় এক কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে। পাশাপাশি খেলাপি ঋণের প্রকৃত চিত্রও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে তিনি দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে খেলাপি ঋণের হার ১১ শতাংশ দেখানো হলেও প্রকৃত হার ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তা ৩২ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের কর-জিডিপি অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিতুমীর বলেন, বিশ্বপরিসরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও তলানির দিকে রয়েছে। অতীতে উপস্থাপিত উন্নয়নের নানা পরিসংখ্যান ও বয়ান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র যদি জনগণের দ্বারা পরিচালিত না হয় এবং জনগণের কাছে দায়বদ্ধতা না থাকে, তাহলে কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ ড. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আতিকুর রহমান।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রায় ২৭টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, বেনকিউ ইন্ডাস্ট্রি, টেকনোডেরা ইন্ডাস্ট্রি, নেসলে বাংলাদেশ পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, ম্যাটাডর ডিস্ট্রিবিউশন লিমিটেড ও এনসিঙ্গা ইন্ডাস্ট্রি উল্লেখযোগ্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com