যবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা -২০২৬ এর শুভ উদ্বোধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ৪ অক্টোবর (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে সকল বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে রঙ্গিন বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করা হয়। বেলুন উড়ানো শেষে মাননীয় উপাচার্য মাঠে নেমে বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের সাথে কুশল ও সৌহার্দ্য বিনিময় করেন এবং খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে সুশৃঙ্খলভাবে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ অভিনু কিবরিয়া ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন বিভাগের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, “আমাদের জিততেই হবে- এ ধরনের মনোভাব পরিত্যাগ করতে হবে। খেলাধুলায় অংশগ্রহণ করা এবং আনন্দঘন পরিবেশে খেলা শেষ করা- এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আমরা সবাই একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যকে ধারণ করেই আমাদের খেলায় অংশ নিতে হবে। ‘আমাদের জিততেই হবে’- এমন মানসিকতা খেলাধুলার সৌন্দর্য নষ্ট করে। আমরা আশা করি, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী মূল ফুটবল দল হিসেবে গড়ে উঠবে এবং তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com