NAEM প্রশিক্ষণে প্রথম হয়ে চেয়ারম্যানস অ্যাওয়ার্ড, তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর ৮০তম Induction Training for Non-Cadre Teachers-এ কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান (Merited First Position) অর্জন করে Chairman’s Award লাভ করেছেন জয়পুরহাটের সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক কে. এম. ফেরদৌস রহমান। একই প্রশিক্ষণে অংশ নেওয়া কলেজের আরও দুই প্রভাষক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে কলেজে ফিরেছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া অন্য দুই শিক্ষক হলেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক সরোয়ার মোর্শেদ এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক শাহিনা আক্তার।
রোববার প্রশিক্ষণ শেষে তিন প্রভাষক কলেজে ফিরে এলে তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আহসান হাবীবের নেতৃত্বে কলেজের শিক্ষকরা।
এ সময় কে. এম. ফেরদৌস রহমানের Merited First Position অর্জন এবং Chairman’s Award লাভের বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি করে। সহকর্মীরা তাকে অভিনন্দন জানান এবং তার এ অর্জনকে কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নন-ক্যাডার শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা, জ্ঞান ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের শিক্ষকরা বলেন, জাতীয় পর্যায়ের একটি প্রশিক্ষণে অংশ নিয়ে কে. এম. ফেরদৌস রহমানের প্রথম স্থান অর্জন ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড লাভ পুরো কলেজ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। পাশাপাশি সরোয়ার মোর্শেদ ও শাহিনা আক্তারের সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে ফিরে আসাও কলেজের জন্য ইতিবাচক অর্জন।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন কলেজের অন্যান্য শিক্ষকদেরও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে তিন প্রভাষককে বরণ করে নেওয়া হয়।