উন্নয়নকাজে অনিয়ম নয়, ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ফরহাদ আজাদের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের বোদায় উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের কাজ স্থানীয়দের সচেতনভাবে তদারকি করতে হবে এবং ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিতে হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারি যেকোনো উন্নয়নকাজ জনগণের করের টাকায় বাস্তবায়িত হয়। তাই নিজ নিজ এলাকার উন্নয়নকাজ ঠিকাদারের কাছ থেকে কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গেদিপাড়া সেতনাই খাল উপ-প্রকল্পের দুই ভেন্টবিশিষ্ট রেগুলেটর নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এ অঞ্চলের পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কৃষকদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজের মান ও নির্ধারিত শর্ত ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়ে স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপন করা যায়, সে জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য এবং এলজিইডি পঞ্চগড়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com