নওগাঁয় নৌকা ভ্রমণের পাশাপাশি মুক্তিযুদ্ধের নাটক ‘মুক্তির সকাল’ মঞ্চায়ন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নৌকা ভ্রমণ, সাংস্কৃতিক পরিবেশনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন করেছে মানাপ নওগাঁ পরিবার। এ আয়োজনে সংগীত পরিবেশনার পাশাপাশি মুক্তিযুদ্ধের বীরত্বগাথা নিয়ে ‘মুক্তির সকাল’ শীর্ষক উন্মুক্ত মঞ্চনাটক পরিবেশিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ব্রিজঘাট থেকে নৌকা ভ্রমণের সূচনা হয়। পরে আত্রাই নদীর ৩ নম্বর সুইচগেট হয়ে সংগঠনের সদস্যরা বান্দাইখাড়ার ১৯৭১ সালের গণকবর পরিদর্শন করেন।

এ সময় নৌকা ভ্রমণে অংশ নেন মানাপ নওগাঁর সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক আবদুল হাই সিদ্দিকী সিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মেহেদী হাসান অন্তরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন নওগাঁ গণ থিয়েটারের সভাপতি সুভল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক নূরে আলম, নওগাঁ গণ বাউলের সভাপতি উজ্জ্বল মহন্ত ফণী এবং সাধারণ সম্পাদক বাউল মোকলেছ দেওয়ান।

দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনে নওগাঁ গণ বাউলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে নওগাঁ গণ থিয়েটার ও মানাপ নওগাঁর সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরে ‘মুক্তির সকাল’ নামের একটি উন্মুক্ত মঞ্চনাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা উপহার দেওয়া হয়। পাশাপাশি আয়োজনে অংশ নেওয়া ৪০ জন সদস্যের জন্য সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা করা হয়।

নৌকা ভ্রমণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com