নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ চালানোর অভিযোগে মেসার্স এমবিএফ ইটভাটা-১ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার সময় উপজেলার মহিমাপুরের গোপীনগর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনরায় নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। অভিযানের সময় বিষয়টি নজরে এলে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন।
অভিযানটিতে নিরাপত্তায় নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষা এবং পরিবেশবিষয়ক আইন বাস্তবায়নে নওগাঁ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।