মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যা মামলায় একজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যাকাণ্ডের প্রায় ২৫ দিন পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আন্তজেলা ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনি প্রামাণিক (৩৮) নামের ওই ব্যক্তিকে শুক্রবার (২ অক্টোবর) রাতে আত্রাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ উদ্ধার করেছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মহাদেবপুরের স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত। রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে পুলিশের একাধিক ইউনিট। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই এবং সিআইডি তদন্তে যুক্ত হয়।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা, ডিজিটাল তথ্য এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে রনি প্রামাণিককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার রনি প্রামাণিকের বাড়ি নাটোর জেলার উত্তর আলাইপুর এলাকায়। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলী। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি ৩৩ থেকে ৩৪টি সিম ব্যবহার করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, রনি প্রামাণিকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার সঙ্গে স্বর্ণ চুরি ও ডাকাতির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের।

অলিপ দত্ত হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা যাচাই এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com