দেবীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষকের মৃত্যু, আহত ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ৩ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তন্ময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে ওই সড়ক দিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আলমগীর প্রধানের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই আহত হন। সংঘর্ষে তন্ময়ের মোটরসাইকেলের সামনের অংশ ও হেডলাইট দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় কয়েকজন জানান, তন্ময়কে এলাকায় প্রায়ই দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যেত। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, হাসপাতালে নেওয়ার পথেই আলমগীর প্রধানের মৃত্যু হয়।
আহত দুজনের মধ্যে তন্ময়ের অবস্থা বিবেচনায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত সৈকতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।