ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল ও ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে ১২৩ বোতল ফেন্সিডিলজাতীয় মাদকদ্রব্য ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শুক্রবার (২ অক্টোবর) সকালে হরিপুর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিপুর থানার কোশগাঁও গ্রামের মো. এনাবুলের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং বরুয়াল গ্রামের মৃত নুহু বিশ্বাসের ছেলে মো. তোফাজ্জল ওরফে তফজুল (২৮)।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৮টার দিকে এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি দল হরিপুর থানার বেলুয়া গ্রামের জাদুরানি থেকে বনগাঁওগামী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় জসিম উদ্দিনের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিবিল জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে হরিপুর থানার বরুয়াল গ্রামে তোফজাল ওরফে তফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের শোকেসের ভেতর থেকে ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তোফজুলকেও গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩ জানিয়েছে, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।