কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
মোঃ তাইফুর রহমান, কালাই ( জয়পুরহাট) প্রতিনিধি:
দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি -এই স্লোগানে কালাই বিডি ক্লিনের আয়োজনে কালাই পৌরসভার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল ১০টায় কালাই পুলিশ প্লাজা মার্কেট প্রাঙ্গণে প্রথমে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল, সাবেক ছাত্র নেতা রেজ্জাকুল হায়দার বিজয়সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীররা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ কারণে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।