ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: ছুরিকাঘাতে কৃষক নিহতের ঘটনায় গ্রেফতার ৭

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন নিহতের বড় ভাই মোক্তার আলী, বদিউল ইসলাম, ছোট ভাই ইমরান আলী এবং ভাইয়ের স্ত্রী রেখা বেগম। তারা বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ আবুল কাশেমের ছাগলে খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পূর্ব থেকেই তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কৃষক আবুল কাশেমের এমন মর্মান্তিক ও নৃশংস মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের স্বজন মো. আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রনিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। শনিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com