ইবিতে সিসিআরটিবির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পিএম

ওসমান গণি, ইবি প্রতিনিধি : 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে 'ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট রাংলাদেশ (সিসিআরটিবি)।রবিবার (৪ অক্টোবর) 'ড্রপস অব হোপ' প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে রেড ক্রিসেন্টের একজন চিকিৎসক, ৪ জন স্বাস্থ্য সহকারী ও একজন ল্যাব সহকারী উপস্থিত থেকে রক্ত সংগ্রহ ও স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীরা অংশ নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়। 

সরেজমিনে দেখা যায়, কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, রক্তের শর্করা/সুগার পরীক্ষা, সাধারণ শারীরিক পরীক্ষা ও রক্ত সংগ্রহ করা করা হয়। যারা রক্ত দান করেছেন, তাদেরকে আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়। 

এ বিষয়ে সিসিআরটিবির এক্সিকিউটিভ মেম্বার জান্নাতুল ফেরদৌস রিয়া বলেন, “ড্রপস অব হোপ” কর্মসূচির মাধ্যমে আমরা মূলত ক্যান্সার সচেতনতা, গবেষণা ও ট্রাস্ট নিয়ে কাজ করি। রক্তদান নিয়ে মানুষের মধ্যে থাকা দ্বিধা ও ভয়ভীতি কাটিয়ে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সচেতনতা এবং রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেকেই অলসতা বা সময়ের অভাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। বিশেষ করে ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সময় ও আর্থিক সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com