পাঁচবিবিতে গ্যাসের ট্যাবলেট খেয়ে যুবকের মৃ/ত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামে গ্যাস বড়ি খেয়ে মো. গোলাম আজম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে এবং এক সন্তানের জনক।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে শিকলে বাঁধা অবস্থায় ছিলেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে নিয়ে সবার অজান্তে সেবন করেন।
পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।