মানিকগঞ্জের কালীগঙ্গার বেউথা ঘাটে নৌকাবাইচে লাখো মানুষের ঢল, চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৩ অক্টোবর
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ঘিরে নামে লাখো মানুষের ঢল । নদীর দুই পাড়, বেউথা ব্রীজের উপরে ও আশপাশের গাছের ডালে, নদীর তীরে কোমড় পানিতে দাড়িয়ে নানা অবস্থানে দর্শকেরা উপভোগ করেন প্রতিযোগিতা । চার ক্যাটাগরিতে ২২টি নৌকার প্রতিযোগিতায় খেল্লা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রামের রৌমারীর ‘মায়ের দোয়া’।
শনিবার বিকেলে জেলা শহরের বেউথা ঘাট এলাকায় নৌকাবাইচের আয়োজন করে মানিকগঞ্জ জেলা বিএনপি ।এতে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার নৌকা অংশ নেয়। খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসি—চার ধরনের নৌকার পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেয় ।
খেল্লা বিভাগে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’ পায় ১০০ সিসি মোটরসাইকেল। রানার্সআপ নাগরপুরের ‘মা-বাবার দোয়া’ পায় ১৬ সিএফটি ফ্রিজ । ঘাসি বিভাগে যৌথ চ্যাম্পিয়ন সিংগাইরের ‘বাইমাইল এক্সপ্রেস’ ও ‘কালাম সিকদার এক্সপ্রেস’। ছান্দি বিভাগে চ্যাম্পিয়ন হরিরামপুরের ‘গায়ান বাড়ি’ এবং পানসি বিভাগে চ্যাম্পিয়ন মানিকগঞ্জ সদরের ‘জাগীর জনতা এক্সপ্রেস’।
বাইচের অন্যতম আকর্ষণ ছিল ‘মায়ের দোয়া’ । নৌকাটির পরিচালক মজিবুর রহমান বলেন, রৌমারীর বাগুয়ারচর থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে বিভিন্ন নদীপথ পাড়ি দিয়ে তিন দিনে তাঁরা মানিকগঞ্জে পৌঁছান । শাল কাঠের তৈরি নৌকাটি বানাতে প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়েছে । এক বছর ধরে তৈরির পর প্রথম বাইচেই চ্যাম্পিয়ন হয়েছে নৌকাটি ।
বাইচ দেখতে মানিকগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন । এ উপলক্ষে নদীর পাড়ে বসে গ্রামীণ মেলাও ।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মানিকগঞ্জের কৃতি সন্তান ও প্রধান অতিথি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা । এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের আরেক কৃতি সন্তান মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর । আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী ও সদস্য-সচিব মাসুদ পারভেজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ আয়োজক কমিটি ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ।