গাইবান্ধায় ৮৩২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
সুন্দরগঞ্জে চেকপোস্ট বসিয়ে ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মো. মমতাজ আলীর ছেলে মো. সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে মো. নুরুজ্জমান মিয়া (৪২)।
এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে সিপিসি-৩, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসআরবি-১৩-এর ভাষ্য, ইয়াবা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের অভিযোগে ওই দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।