দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি ।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নদীপথে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় মোট ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির একটি টহল দল নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উদ্ধার করা সার পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।