অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে ঝুঁকি, মানিকগঞ্জে পরিকল্পিত আবাসনের তাগিদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি | ৫ অক্টোবর

অপরিকল্পিত নগরায়ণ ও আবাসন নির্মাণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নাগরিক জীবনে নানা ঝুঁকি তৈরি হচ্ছে । এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসনের পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বক্তারা ।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার মানিকগঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন । 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । পরে সম্মাননা প্রদান করা হয় ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক ড. মমতাজ সুলতানা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে অপরিকল্পিত আবাসন ও নির্মাণ বাড়তে থাকলে পরিবেশের ওপর চাপ তৈরি হয় । একই সঙ্গে নাগরিকদের জীবনযাপনেও নানা ঝুঁকি বাড়ে । তাই সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিবেশবান্ধব এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি ।

আলোচনায় বিশ্ব বসতি দিবসের লক্ষ্য ও তাৎপর্য তুলে ধরে বাসযোগ্য নগর গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, নগর উন্নয়নের পরিকল্পনায় পরিবেশ, জনসংখ্যা ও নাগরিকদের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিতে হবে ।

জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয় । আবাসন, টেকসই নগরায়ণ ও বাসযোগ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম লক্ষ্য ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com