লালন মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা, হামলার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় তার ওপর হামলা এবং গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে এক ব্যক্তি ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। পরে কয়েকজন তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ঘিরে ধরেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে তার গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গীদের তাড়া করতে দেখা যায়।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীরা কুমারখালী থানায় অবস্থান নেন। সর্বশেষ খবর অনুযায়ী, তারা ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ঘটনায় এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটি তার ওপর পঞ্চম হামলা বলেও দাবি করেন তিনি।
তবে ঘটনার সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা ‘মব-কালচারের রাজনীতি’ বিশ্বাস করেন না।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। সেখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তিনি বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ এবং কারা এতে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এনসিপি সূত্রে জানা যায়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় হামলার অভিযোগ করা হয়েছিল।
তবে কুষ্টিয়ার ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর প্রকৃত কারণ কী, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার