বিশ্ব শিক্ষক দিবসে মানিকগঞ্জে শোভাযাত্রা-আলোচনা, সম্মাননা পেলেন ৯ শিক্ষক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি | ৫ অক্টোবর
শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা প্রদানের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’—এই প্রতিপাদ্যে সোমবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয় ।
সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানম, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য দেন ।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য ।
আলোচনা সভা শেষে তিনটি ক্যাটাগরিতে জেলার নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হয় ।
ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় ।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার