ক্ষেতলালে বিভিন্ন মামলায় মহিলাসহ গ্রেপ্তার ৬, আদালতে প্রেরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল থানায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারীও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ পারভীন মহোদয়ের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে সোমবার ক্ষেতলাল থানা এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ক্ষেতলাল থানার মামলার সূত্রে ১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক মামলায় মোঃ আব্দুস সালাম, মোঃ মুসা মন্ডল ও মোঃ মুশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মোসাঃ রেশমা খাতুন, মোঃ আব্দুর রাজ্জাক ও আবু হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
সবমিলিয়ে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মহিলাসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার যথাযথ পুলিশি নিরাপত্তার মাধ্যমে জয়পুরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।
এ দিকে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ক্ষেতলাল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।