হিলিতে কলেজ ছাত্র সিহাবের আলু-পরোটায় বাজিমাত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

দিনাজপুরের বাংলাহিলি বাজারের গোডাউন মোড়ের কলেজ ছাত্র সিহাবের আলু-পরোটার দোকান দিন দিন সবার নিকট জনপ্রিয় হয়ে উঠছে। বিকেল হলেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তার দোকানে ভিড় করেন হরেক পদের ভর্তা দিয়ে আলু পরোটা খেতে।

হিলি চুড়িপট্টি মহল্লার হারুনুর রশিদ হারুনের ছেলে সিহাব হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি পরিবারসহ তিনি দোকান করেন।

শিহাব বলেন, "প্রথমে আমি একাই দোকান করতাম কিন্তু দিন দিন বেচাকেনা বেড়ে যাওয়ায় একা সামাল দিতে পারি না। এখন বাবা-মা ও ফুপু সহ পরিবারের সবাই মিলে দোকান করছি। প্রতিদিন ২০'কেজি ময়দা ও ১২'কেজি আলুর, আলু-পরোটা তৈরি করি।

তিনি আরও বলেন, "সমস্ত হিলি বাজারের ময়লা আবর্জনা এই জায়গায় ফেলতো মানুষ। সেই জায়গাটি পরিষ্কার করে বাঁশের খুঁটি ও পলিথিনের ত্রিপল টাঙিয়ে দোকান করেছি। অনেক সময় বড় মাপের মানুষ এমন জায়গায় আলু পরোটা খেতে আসে তখন একটু খারাপ লাগে। যদি একটা পাকা ঘরের দোকান করতে পারতাম, মানুষকে ভালো টেবিল-চেয়ারে বসিয়ে আমার নিজের হাতে তৈরি করা আলু পরোটা খাওয়াতে পারলে ভালো লাগতো।" প্রতিদিন বিকাল থেকে গভীর রাত অবধি সিহাব তার পরিবারসহ সুস্বাদু ও মুখরোচক আলু-পরোটা বিক্রি করেন।

হিলি হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, সচরাচর বাইরের খাবার এড়িয়ে চলি তারপরেও মানুষের ধুমছে খাওয়া দেখে মন মানে না, আমিও বেশ কয়দিন খেয়েছি। সিহাবের আলু পরোটা সেই সঙ্গে বিভিন্ন পদের ভর্তা খুব সুস্বাদু। গরম শেষে শীত আসছে, তখন বিক্রি আরও বেশি হবে মনে করেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com