কালীগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংক গাজী’র বাজার এজেন্ট শাখার গ্রাহকদের অর্থ অনিয়মের ঘটনায় প্রকৃত দোষীদের বাদ দিয়ে রাজনৈতিক সুবিধা হাসিলে জামায়াত নেতা মাওলানা ওলিয়ার রহমানকে বিতর্কিত করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) কালীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান ভুক্তভোগী প্রতিনিধি ও শাখা সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে মো. আব্দুল মান্নান মিয়া বলেন, “একটি কুচক্রী মহল প্রকৃত দোষীকে আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে।” তিনি অভিযোগ করেন, ব্যাংকটির সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহর শ্বশুর মাওলানা ওলিয়ার রহমান জামায়াতে ইসলামীর দায়িত্বশীল পদে থাকায় একটি মহল তাঁকে বিতর্কিত করার ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, “অডিটের মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হওয়া সত্ত্বেও শুধুমাত্র হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে আজ ইসলামী ব্যাংকের সামনে এই ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এজেন্ট শাখার সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ। তিনি ১ কোটি টাকা আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, “গত ৭ জুলাই ইসলামী ব্যাংকের জোনাল অফিসের অডিট টিম সার্বিক তদন্ত সম্পন্ন করে। অডিট রিপোর্টে মোট ৩৬ লাখ ৮১ হাজার টাকার অনিয়মের বিষয়টি উঠে আসে, যার মধ্যে ব্যাংকের এজেন্ট মালিক আমিরুল ইসলামকে ৩১ লাখ ৭০ হাজার ২০০ টাকা এবং আমাকে ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকার জন্য দায়ী করা হয়।”
মাসুম বিল্লাহ আরও জানান, অডিট রিপোর্ট অনুযায়ী তাঁর অংশে নির্ধারিত ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকা তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট গ্রাহকদের মাঝে পরিশোধ করে দিয়েছেন, যার প্রমাণপত্রও ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা কোনো ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে অডিট রিপোর্ট ও ব্যাংকের নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হয়রানি না করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানানো হয়।