নওগাঁয় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি ওই গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে। চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে রাব্বির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাব্বি তার বড় ভাইয়ের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে বড় ভাই তাকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে একপর্যায়ে রাব্বি বাড়ির পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায়।
কিছুক্ষণ পর রাব্বিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টার দিকে রাব্বির মা পুকুরের পানিতে ছেলের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।