সড়ক-অবকাঠামো উন্নয়নে রংপুর সিটিকে ১ হাজার ৮১৩ কোটি টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

‎রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ১ হাজার ৮১৩ কোটি ২৮ লাখ ৩১ হাজার টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

‎এর মধ্যে সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার প্রকল্প রয়েছে।

‎বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়।

‎সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

‎অনুমোদিত প্রকল্পের মধ্যে রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা। আর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন থাকবে ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

‎অন্যদিকে, ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন প্রকল্পে সরকারি অর্থায়ন ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। এ প্রকল্প বাস্তবায়নে সময় ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

‎একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com