হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম
হবিগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৬ অক্টোবর হবিগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।
সভায় জেলার আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে দুর্গাপূজা উৎসবমুখর করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর থাকবে বলে সভায় আশ্বস্ত করা হয়।
উক্ত মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।