পাঁচবিবিতে চেতনানাশক খাইয়ে ভ্যান ছিনতাই
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ভ্যানচালককে চেতনানাশক খাইয়ে ও মারধর করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার মোবাইল ফোন ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আমু মেম্বারের মোড় থেকে আংড়া যাওয়ার রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে পথচারীরা রফিকুলকে রাস্তার পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাঝিনা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি ধরঞ্জী ইউনিয়নের নন্দইল হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মহীপুর) এ ভর্তি করেন।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা চেতনানাশক খাইয়ে মারধর করে তার ভ্যান, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। থানায় অভিযোগ করা হবে বলে পরিবার জানিয়েছে।