প্রবাসীর বাড়িতে ঢুকে ছুরি ধরে লুট, গৃহবধূর বৃদ্ধাঙ্গুল কাটার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে এক গৃহবধূর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে তাঁর শিশুকন্যাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বরমী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, ভোররাতে কয়েকজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে।
একপর্যায়ে গলায় ছুরি ধরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় গৃহবধূ বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়। পরে হামলাকারীরা ঘটনা প্রকাশ করলে তাঁর শিশুকন্যাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অপু নামে এক ব্যক্তিকে বোরকা পরা অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের হাতে আটক একজনকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।