মানিকগঞ্জের শান্তনু সরণিতে ক্রীড়া সংগঠক প্রয়াত শান্তনুর স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৮ অক্টোবর

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক প্রয়াত শান্তনু রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিফলকে আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের রিজার্ভট্যাংক এলাকার শান্তনু সরণিতে অবস্থিত স্মৃতিফলকে ফুল দেন প্রভাত সংঘের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা, প্রফেসর উর্মিলা রায়, সাবেক ক্রীড়াবিদ শংকর লাল ঘোষ ও বাদল শিকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি গোলাম সরোয়ার দিটি, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিসের প্রতিনিধি কামাল আহমেদ কমল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার নবকুমার মিত্র, সাবেক ক্রিকেটার মশিউর রহমান শিমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শান্তনু রায়ের পরিবারের সদস্যরা ।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজকেরা বলেন, ক্রীড়াবিদ হিসেবে শান্তনু রায় যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, তেমনি ক্রীড়া সংগঠক হিসেবেও মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন । তাঁর সাংগঠনিক কর্মকাণ্ড ও ক্রীড়া ক্ষেত্রের অবদানে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ।

বক্তারা বলেন, মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনকে সংগঠিত ও এগিয়ে নিতে শান্তনু রায়ের ভূমিকা স্মরণীয় হয়ে আছে । তাঁর আদর্শ, কর্ম ও ক্রীড়ার প্রতি নিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করবে ।

স্মৃতিচারণ করে তাঁরা বলেন, “তোমার জীবন ও কর্ম ভুলিনি, ভুলব না ।” তাঁর স্মৃতি ও অবদান মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে বেঁচে থাকবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com