চুনারুঘাটে এবার এএসআই অতনুর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, তোলপাড়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট থানায় বিতর্কিত কর্মকাণ্ডের যেন শেষ নেই। ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই মামুনসহ দুই কনস্টেবল প্রত্যাহার এবং এএসআই ইলিয়াসের বিতর্কিত ভিডিও ফাঁসের পর প্রত্যাহারের ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) দুপুরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা পুলিশ প্রশাসনে চরম তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা নিচ্ছেন এএসআই অতনু। অভিযোগ উঠেছে, এক ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই অর্থ গ্রহণ করেন তিনি।
ভিডিওটি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ দিনে এই থানাকে ঘিরে পরপর তিনটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা প্রকাশ্যে এলো।
এর আগে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চুনারুঘাট থানার এসআই মামুন ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছিল। এরপর গত(৫ অক্টোবর) সোমবার রাতে "ঘুষের টাকা দিয়ে পোশাক কিনেছি" এমন মন্তব্য করা এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার এএসআই অতনু বণিকের এই নতুন ভিডিও সামনে এলো।
পরপর এসব চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের ভাবমূর্তি ও জবাবদিহিতা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।