দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ৬ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। স্থানীয়ভাবে তিনি পেশায় ঘটক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। এতে ধারণা করা হয়, তিনি হয়তো পুকুরের পানিতে পড়ে গেছেন।
পরে স্থানীয়রা পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় দেবীগঞ্জ ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করলেও রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযান শেষে পানির নিচ থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে তারা নিখোঁজের খবর পান। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শনের পর রংপুরে বিশেষ ডুবুরি দলের জন্য জানানো হয়। পরে মঙ্গলবার সকালে ডুবুরি দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।