দিনাজপুর-রংপুরে এসআরবি-১৩’র অভিযান: ২ কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি: 

দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর থানার শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় ওরফে ঝলকি (৪৬) এবং লালমনিরহাটের কালীগঞ্জ থানার খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান (২৩)।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতয়ালী থানার বড়ইল গ্রামে অভিযান চালায় সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় সন্ধ্যা রায় ওরফে ঝলকির বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে রংপুরের গঙ্গাচড়া থানার হাবু তাঁতিপাড়া গ্রামের মো. মোখলেছুর রহমানের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসায় সদর কোম্পানি, এসআরবি-১৩ রংপুরের একটি দল। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকসহ গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com