ইবিতে একসাথে জজ হলেন খালেদা জিয়া হলের দুই শিক্ষার্থী: হল কর্তৃপক্ষের সংবর্ধনা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

ইবি প্রতিনিধি :

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হল কর্তৃপক্ষ। রবিবার (৪ অক্টোবর) হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন উম্মে সালমা ও ইয়াসমিন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আইনুল হক আকন্দ, সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন।

সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করছে, যা আমাদের জন্য আনন্দের। সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত দুই শিক্ষার্থী ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম আইনুল হক আকন্দ বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর এমন একটি সংবর্ধনা আয়োজন করতে পেরে ভালো লাগছে। এ আয়োজন করতে সহযোগিতা করায় সাবেক প্রভোস্টকে ধন্যবাদ জানাই। শুধু হলের শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সাফল্যই আমাদের জন্য আনন্দের।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com